গুহায় আটকে পড়া বনী ইসরাইলের তিন যুবকের শিক্ষনীয় চমৎকার ঘটনা।
ইখলাসের গুরুত্বপূর্ণ ঘটনা।
তিন ব্যক্তির গুহার মধ্যে আটকে যাওয়ার ঘটনা।
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত , নবী (ﷺ) এরশাদ করেন, একবার তিন ব্যক্তি পথ চলছিল, তারা বৃষ্টিতে আক্রান্ত হল। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল।
হঠাৎ পাহাড় থেকে এক খন্ড পাথর গড়িয়ে, তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তারা একে অপরকে বলল, নিজেদের করা কিছু নেক কাজের কথা চিন্তা করে বের কর।যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার ওয়াসীলা করে আল্লাহর নিকট দু’আ কর।
তাহলে হয়ত আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন।
তখন তাদের মধ্যে একজন বলতে লাগলেন, হে আল্লাহ! আমার আব্বা-আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ-পোষণের জন্য পশু পালন করতাম/b>
সন্ধ্যায় যখন আমি বাড়িতে ফিরে আসতাম, তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা-আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরী হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না।তখন এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন।
তখন আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দুধ দোহন করি। তারপর আমি তাঁদের শিয়রে {দুধ নিয়ে}দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগ্রত করা আমি ভালো মনে করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও সমিচিন মনে করিনি।
অথচ আমার বাচ্চাগুলো, দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটা একটু সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই।
তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদের ভালবাসে, আমি তাকে তার চেয়ে অধিক ভালবাসতাম।
একদিন আমি তার কাছে চেয়ে বসলাম (অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম) কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশ’ দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা যোগাড় করলাম (এবং তার কাছে এলাম)। যখন আমি তার দু’পায়ের মাঝে বসলাম (অর্থাৎ সম্ভোগ করতে তৈরী হলাম) তখন সে বলল, হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় কর।
অন্যায়ভাবে মাহ্র (পর্দা) ছিঁড়ে দিয়ো না। (অর্থাৎ আমার কুমারীর সতীত্ব নষ্ট করো না) তখন আমি আপনার ভয়ে দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য ই এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন।
তখন পাথরটা কিছু সরে গেল।
তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না।
আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছু দিন পর সে আমার কাছে আসল এবং বলল, আল্লাহকে ভয় কর (আমার মজুরী দাও)। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে নাও।
সে বলল, আল্লাহকে ভয় কর, আমার সাথে মজাক করো না। আমি বললাম, আমি তোমার সাথে কোন ধরনের ঠাট্টা বিদ্রুপ করছি না, ওইগুলো নিয়ে নাও।কারন এগুলো সবই তোমার।
তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ! আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকীটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে পরিপূর্ণ সরিয়ে দিলেন।
এবং তারা গুহা থেকে বেরিয়ে আসলেন।
.jpeg)